জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলার গুরুত্ব বাড়াতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে চতুর্থ শ্রেণি থেকে ফুটবল, ক্রিকেটসহ মোট সাতটি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (২৫ মার্চ) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী।
আদেশে বলা হয়েছে, সারা দেশে শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রথম সভা গত ১৪ মার্চ অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী।
সভায় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে জাতীয় শিক্ষাক্রমে সাতটি ক্রীড়া ইভেন্ট যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন যুক্ত হওয়া ক্রীড়া ইভেন্টগুলো হলো—ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস এবং সাঁতার।
অফিস আদেশে আরও বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রস্তাবিত এসব ইভেন্ট দ্রুত শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং একটি সুস্থ, সক্রিয় ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
সবুজ বাংলা ক্রীড়া ডেস্ক 























