জাতীয় ক্রীড়া পরিষদ চল্লিশের অধিক ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করেছে। নতুন গঠিত কমিটিগুলোর মধ্যে ব্যাডমিন্টন ফেডারেশনে প্রথম পদত্যাগের ঘটনা ঘটল। ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি সালাহউদ্দিন আলমগীর পদত্যাগপত্র দিয়েছেন। সহ-সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।
শনিবার জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সমাপনী দিনে দাওয়াতপত্রে সভাপতির নাম ছিল না। ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন সভাপতির পদত্যাগের বিষয়টি সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে সামনে আনেন, ‘আমাদের সভাপতি পদত্যাগ করেছেন। সেই চিঠি তিনি ফেডারেশন, এনএসসি, মন্ত্রণালয়ে দিয়েছেন। ব্যক্তিগত কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।’
আকস্মিকভাবে পদত্যাগ করার কারণ সম্পর্কে সালাহউদ্দিন আলমগীর বলেন, ‘কারো সঙ্গে কোনো দূরত্ব বা সমস্যা হয়নি। ফেডারেশনের সভাপতি হিসেবে যতটুকু সময় দেওিয়া প্রয়োজন সেটা দিতে পারব না। নিজস্ব ব্যস্ততার জন্য সরে এসেছি। তবে খেলাটির উন্নয়নে যতটুকু সহায়তা করার দরকার সেটা পেছন থেকে করার সর্বাত্নক চেষ্টা করব।’
আরকে/সবা


























