চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলাদেশ স্টাডিজ বিভাগের ‘বাংলাদেশ স্টাডিজ ক্লাব’ কর্তৃক আয়োজন করা প্রথম ফুটবল টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে পঞ্চম ব্যাচ (তৃতীয় বর্ষ) ২-১ গোলে অষ্টম ব্যাচকে (প্রথম বর্ষ) হারিয়ে শিরোপা জয় করেছে।
ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন অষ্টম ব্যাচের শিক্ষার্থী মোঃ রেদোয়ান হোসেন।
টুর্নামেন্টে বাংলাদেশ স্টাডিজ বিভাগের সেশনভিত্তিক মোট ছয়টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দল ১১ জন খেলোয়াড় ও অতিরিক্ত ৩ জন রিজার্ভ খেলোয়াড় নিয়ে মাঠে নামে। সাত দিনব্যাপী প্রতিযোগিতার সব খেলা বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলার উদ্বোধন করেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, যিনি বলেন, “খেলা শুধু শারীরিক ফিটনেসই নয়, এটি মানসিক দৃঢ়তাও গড়ে তোলে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব ও সহযোগিতার মনোভাব বৃদ্ধি করে।”
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ক্রীড়া উপদেষ্টা জনাব হাসনাইন ইস্তেফাজ, যিনি বলেন, “এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা গেলে শিক্ষার্থীরা আরও উদ্যমী হয়ে উঠবে। ভবিষ্যতে মেয়েদের জন্য আলাদা ফুটবল টুর্নামেন্ট আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।”
খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি ও মেডেল প্রদান করা হয়, আর রানারআপ দলকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক তৈয়বা খানম, সাহানা পারভীন, এবং সৈয়দ মোহাম্মদ মুনতাছির মোহাইমেন। ক্লাবের সমন্বয়ক নাহিদ আল ফাহাদ আয়োজনের বিস্তারিত তুলে ধরেন।
এমআর/সবা


























