কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলাম্বিয়ার একটি হাইস্কুল ও নিকটবর্তী আবাসনে বন্দুক হামলায় মোট ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।
রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে হামলার পর ঘটনাস্থল থেকে ৬ জনকে মৃত এবং প্রায় ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক চিকিৎসা শেষে ২৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
হামলাকারীকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আরসিএমপি ধারণা করছে, তিনি নিজেই আত্মহত্যা করেছেন। তার পরিচয় প্রকাশ করা হয়নি।
এদিকে স্কুলটির নিকটবর্তী একটি বাড়ি থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের মৃত্যু স্কুল হামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। অন্য কোনো হতাহত আছে কি না তা নিশ্চিত হতে আশপাশের ঘরবাড়ি ও আবাসনে তল্লাশি চালানো হয়েছে।
হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য জানায়নি পুলিশ। ঘটনার পর স্কুল ও সংলগ্ন এলাকায় জরুরি সতর্কতা জারি করা হলেও বিকেল ৫টা ৪৫ মিনিটে তা প্রত্যাহার করা হয়।
সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১৭৫ শিক্ষার্থী নিয়ে পরিচালিত টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলটি এক সপ্তাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। নিহতদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ এবং শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শু/সবা

























