ইরানে বিমান হামলা বন্ধ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার রাত সাড়ে ৩টার পর থেকে দেশটিতে আর কোনো হামলা চালানো হয়নি বলে এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি।
তবে ইরানে অভিযান বন্ধ থাকলেও লেবাননে সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে আইডিএফ। বিশেষ করে হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে তাদের বিমান ও স্থল অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আইডিএফ জানায়, হামলা বন্ধ করার আগে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো লক্ষ্য করে ব্যাপক অভিযান চালানো হয়। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হয়ে বুধবার রাত সাড়ে ৩টা পর্যন্ত চলা এ অভিযানে কয়েক ডজন উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। যেসব কেন্দ্র থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছিল, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে লক্ষ্যবস্তু করা হয়।
এছাড়া সাম্প্রতিক এই অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটি অস্ত্র উৎপাদন কেন্দ্রেও বোমা হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইডিএফ।
অন্যদিকে, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও শুরু হয়েছে। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতির কোনো পরিবর্তন হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
শু/সবা

























