যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির শর্ত মেনে না নিলে ইরানে আজকেই একটি সভ্যতা বিলীন হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ চরম হুঁশিয়ারি দিয়েছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প বলেছেন, যদি ইরান যুক্তরাষ্ট্রের সব শর্ত বা দাবি মেনে না নেয়, তাহলে “আজ রাতেই একটি আস্ত সভ্যতা মারা যাবে; যা আর কোনোদিন ফিরে আসবে না।” তিনি আরও বলেন, তিনি চাইছেন এমনটা না হোক, তবে সম্ভবত এটি ঘটতে পারে। পোস্টের শেষ অংশে ট্রাম্প উল্লেখ করেছেন, “কে জানে কী হয়?”
আগের হুঁশিয়ারিতে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে দেশটিকে ‘পাথর যুগে’ পাঠাতে সক্ষম।
তেহরানকে মঙ্গলবারের মধ্যে দাবি মেনে নেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই আল্টিমেটামের শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে তিনি চরম হুঁশিয়ারি দেন।

























