ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় কোমায় চিকিৎসাধীন রয়েছেন এবং বর্তমানে তার জ্ঞান নেই বলে জানিয়েছে The Times।
মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরানের কোম শহরের একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। জ্ঞান না থাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থার একটি যৌথ প্রতিবেদন উপসাগরীয় আরব দেশগুলোর কাছে পাঠানো হয়েছে, যেখানে মোজতবা খামেনির গুরুতর অসুস্থতার তথ্য উঠে এসেছে।
একই প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার দাফন প্রক্রিয়াও এখনো সম্পন্ন হয়নি বলে জানানো হয়েছে।
এদিকে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানকে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান স্থায়ীভাবে সংঘাত বন্ধ, হরমুজ প্রণালিতে টোল আদায়ের অধিকার, যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন এবং লেবাননের হিজবুল্লাহর ওপর হামলা বন্ধসহ একাধিক শর্ত দিয়েছে।
প্রতিবেদনটি প্রকাশের পর ইরানের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

























