দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে ২ হাজার ৮৪২টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে হাফিজ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান-এর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তথ্যানুযায়ী সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বিদ্যমান শিক্ষক সংকট নিরসনে ইতোমধ্যে শূন্য পদের তালিকা প্রস্তুত করা হয়েছে। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এ প্রস্তাব পাঠানোর জন্য প্রয়োজনীয় তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এর মাধ্যমে শিগগিরই নিয়োগ কার্যক্রম শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও আলিয়া মাদ্রাসাগুলোর শূন্যপদের তথ্য নিয়মিত হালনাগাদ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসব প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে। এই প্রক্রিয়ায় ধাপে ধাপে সব শূন্যপদ পূরণ করা হচ্ছে।
এছাড়া শিক্ষামন্ত্রী জানান, সিলেট জেলার কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় বর্তমানে তিনটি সরকারি এবং ৪৭টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসবের মধ্যে ৪০টি এমপিওভুক্ত প্রতিষ্ঠান। এসব এলাকায় চলমান শিক্ষক সংকট নিরসনে বিশেষ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
শু/সবা

























