জাতীয় সংসদে একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার বলেছেন, “জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।”
রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
শামীম কায়সার বলেন, দেশে একটি জবাবদিহিতামূলক সরকার ও সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। তবে কিছু মহল বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিকর বয়ান বা ‘ন্যারেটিভ’ তৈরির চেষ্টা করছে।
তিনি বলেন, “বাজারে মাঝে মাঝে ন্যারেটিভ চালানোর চেষ্টা হচ্ছে, জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।”
সংসদ সদস্য আরও বলেন, দাড়ি-টুপি থাকলেই নারী স্বাধীনতা, হিজাব বা নিকাবের প্রতি সম্মান নিশ্চিত হয় না। ব্যক্তি স্বাধীনতা ও নারীর মর্যাদার প্রশ্নে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যে তিনি বলেন, “নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি দাড়ি-টুপি থাকলেই নারী স্বাধীনতা ও হিজাব-নিকাবের প্রতি সম্মান থাকবে—বিষয়টা এমন নয়।”
সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন এবং রাষ্ট্রীয় পর্যায়ে ধর্মীয় মূল্যবোধের বিষয়ও তুলে ধরেন তিনি। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকাও উল্লেখ করেন।
তার বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “মাথার ওপর বিসমিল্লাহ, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ। অথচ কেউ কেউ নিজেদের জান্নাতের একমাত্র প্রতিনিধি হিসেবে উপস্থাপন করতে চায়। কিন্তু বাস্তবতা ও তাদের কর্মকাণ্ডের মধ্যে বড় ধরনের বৈপরীত্য রয়েছে।”
সবুজ বাংলা অনলাইন 




















