দুর্নীতি, অর্থপাচারসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১৪ জুন) সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারকে ই-মেইলের মাধ্যমে বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। বর্তমানে তিনি সেখানে পুলিশি হেফাজতে রয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার ইতোমধ্যে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই আনুষ্ঠানিক আবেদন করা হবে। এ জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও তদন্তসংক্রান্ত নথিপত্র প্রস্তুত করা হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “অপরাধী যত শক্তিশালী হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়।” তিনি এ ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এর মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক বার্তা গেছে।
উল্লেখ্য, বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার ও জালিয়াতিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। ২০২৪ সালের মে মাসে দেশত্যাগের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 





















