জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন এবং চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন দলটির এক পদপ্রত্যাশী নারী কর্মী।
শুক্রবার (১৯ জুন) নগরের কাজীর দেউড়ির একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে ওই তরুণী অভিযোগ করেন, নারীশক্তির কমিটিতে পদ দেওয়ার আশ্বাস দিয়ে তাকে নগরের একটি অভিজাত হোটেলের বারে নেওয়া হয়। সেখানে সুজা উদ্দিন তার সঙ্গে অশোভন আচরণ করেন এবং বিভিন্ন অনৈতিক প্রস্তাব দেন।
নিজেকে জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী ও এনসিপির কর্মী পরিচয় দিয়ে তিনি বলেন, গত ১৪ জুন সাংগঠনিক বৈঠকের কথা বলে সাদিয়া আফরিন তাকে পেনিনসুলা হোটেলে নিয়ে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, হোটেলের শীর্ষতলার বারে সুজা উদ্দিন কয়েকজনের সঙ্গে বসে আছেন।
তার অভিযোগ, সুজা উদ্দিন তাকে ধূমপান ও মদপানে উৎসাহিত করেন এবং বিভিন্ন পানীয় গ্রহণের প্রস্তাব দেন। অস্বস্তি প্রকাশ করলে সাদিয়া আফরিন তাকে সুজা উদ্দিনের নির্দেশনা অনুযায়ী চলার পরামর্শ দেন। পরে সাদিয়া সেখান থেকে চলে গেলে সুজা উদ্দিন বারবার তাকে পাশে বসতে বলেন এবং তার আচরণ ও অঙ্গভঙ্গি ছিল যৌন হয়রানিমূলক।
তিনি আরও দাবি করেন, সেখান থেকে বেরিয়ে আসার পর সুজা উদ্দিন তাকে ‘ডিল অর ডেথ’ বলে হুমকিসদৃশ মন্তব্য করেন এবং রাজনৈতিক পদ-পদবি ও আর্থিক সহযোগিতার প্রলোভন দেখান। পরে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে সাদিয়া আফরিন তাকে বলেন, ‘রাজনীতি করতে হলে বড় পদ-পদবিধারীদের ব্যক্তিগত সময় দিতে হয়। এটাই রাজনৈতিক কালচার।’
ঘটনার পর ১৭ জুন চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান অভিযোগকারী।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, এ ঘটনায় একটি জিডি হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা সম্পর্কে মন্তব্য করা সম্ভব নয়।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। সাদিয়া আফরিনের ফোন সচল থাকলেও তিনি কোনো সাড়া দেননি।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 























