লালমনিরহাটের তিস্তা ও রত্নাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (২০ জুন) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম ও রাকিবুল ইসলামের যৌথ নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
জানা যায়, আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের ২ নম্বর স্পার ড্যাম সংলগ্ন তিস্তা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে ম্যাজিস্ট্রেটদ্বয় ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে দেখা যায়, নদীর তীরবর্তী এলাকায় পানি প্রবেশ ও ভাঙন রোধে স্থানীয়রা ইউপি সদস্যের তত্ত্বাবধানে বালু ফেলে রাস্তা উঁচু করার কাজ করছিলেন।

এ সময় নদী থেকে যেকোনো উপায়ে অবৈধভাবে বালু উত্তোলনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানের জন্য রাস্তাটি দ্রুত পাকাকরণের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আনুষ্ঠানিক আবেদন করার পরামর্শ দেওয়া হয়।
অন্যদিকে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে রত্নাই নদী সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালায়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ড্রেজিং মেশিন নদীতে ভাসিয়ে দিয়ে অপর পাড় দিয়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজিং মেশিন জব্দ করা হয় এবং জনসম্মুখে সেগুলো ধ্বংস করা হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা জানান, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলেও তারা জানান।
শু/সবা
লালমনিরহাট প্রতিনিধি: 























