বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিল ও জাপানের বহুল প্রতীক্ষিত ম্যাচের জন্য রেফারিং প্যানেল ঘোষণা করেছে ফিফা। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করবেন ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানি।
বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় শুরু হওয়া ম্যাচে মারিয়ানিকে সহায়তা করবেন তার দুই স্বদেশী সহকারী রেফারি দানিয়েল বিন্দোনি ও আলবার্তো তেগোনি। চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন সুইজারল্যান্ডের সান্দ্রো শ্যারার, আর রিজার্ভ সহকারী রেফারি থাকবেন তারই স্বদেশী স্টিফেন ডি আলমেইদা।
চলতি বিশ্বকাপে ইতালি থেকে একমাত্র মাঠের রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন মাউরিজিও মারিয়ানি। এর আগে তিনি গ্রুপ পর্বে সৌদি আরব-উরুগুয়ে এবং কলম্বিয়া-ডিআর কঙ্গো ম্যাচ পরিচালনা করেছেন। এবার নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচেও তার ওপর আস্থা রেখেছে ফিফা।
তবে অভিজ্ঞ এই ইতালিয়ান রেফারির ক্যারিয়ারে বিতর্কও কম নয়। সিরি ‘আ’, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ বিভিন্ন প্রতিযোগিতায় তার একাধিক পেনাল্টি ও ভিএআর-নির্ভর সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে।
২০২৪ সালে সিরি ‘আ’-তে নাপোলি-ইন্টার ম্যাচে বিতর্কিত পেনাল্টি দেওয়ার ঘটনায় তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছিল। সর্বশেষ মৌসুমেও ভিএআর-এর সহায়তায় দেওয়া আরেকটি পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি।
এর আগে ২০২১ সালে ইন্টার মিলান-ইউভেন্টাস ম্যাচের শেষ মুহূর্তে ইউভেন্টাসকে দেওয়া একটি পেনাল্টিকে কেন্দ্র করে ইন্টারের ফুটবলাররা ম্যাচ শেষে ড্রেসিংরুমের টানেলে মারিয়ানিকে ঘিরে প্রতিবাদ জানিয়েছিলেন।
তবে বিতর্কের পাশাপাশি বড় বড় ম্যাচ সফলভাবে পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে তার। সেই অভিজ্ঞতার ওপর ভরসা রেখেই ব্রাজিল-জাপানের হাই-ভোল্টেজ নকআউট ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে ফিফা।
সবুজ বাংলা ক্রীড়া ডেস্ক 



















