বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ার আগে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে ফিফা। বর্তমান নিয়মে দুটি কয়েন টসের মাধ্যমে নির্ধারিত হয় কোন দল আগে শট নেবে এবং কোন প্রান্তে টাইব্রেকার অনুষ্ঠিত হবে। তবে নতুন প্রস্তাবে একটি টসের মাধ্যমেই দুটি বিষয়ের সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রস্তাব অনুযায়ী, টসে জেতা দল দুটি সুবিধার মধ্যে একটি বেছে নিতে পারবে—হয় আগে শট নেওয়ার সুযোগ, নয়তো নিজেদের সমর্থকদের গ্যালারির সামনে টাইব্রেকার নেওয়ার সুযোগ। অন্য সুবিধাটি পাবে টসে হেরে যাওয়া দল।
বর্তমান নিয়মে একটি দল দুই টসেই হারতে পারে, ফলে তারা আগে শট নেওয়া এবং নিজেদের সমর্থকদের সামনে খেলার—দুই সুবিধাই হারায়। গত মাসে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনাল পিএসজির বিপক্ষে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল।
এ কারণেই পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ফিফা। এ বিষয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক ফুটবল আইন প্রণয়নকারী সংস্থা (আইএফএবি)-এর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দ্য টাইমস।
দীর্ঘদিন ধরেই গবেষণায় দেখা গেছে, টাইব্রেকারে আগে শট নেওয়া দল তুলনামূলক বেশি সফল হয়। আবার নিজেদের সমর্থকদের উপস্থিতিও খেলোয়াড়দের মানসিকভাবে বাড়তি সুবিধা দেয়। তাই দুটি সুবিধা যাতে একটি দল একসঙ্গে না পায়, সেটিই নিশ্চিত করতে চায় ফিফা।
তবে আগে শট নেওয়া বা নিজেদের সমর্থকদের সামনে খেলা সব সময় জয়ের নিশ্চয়তা দেয় না। ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স টাইব্রেকারে প্রথম শট নেওয়ার সুযোগ এবং গোলপোস্ট বেছে নেওয়ার সুবিধা পেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।
ফিফা আশা করছে, আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং প্রয়োজন হলে নকআউট পর্ব থেকেই নতুন নিয়ম কার্যকর করা হতে পারে।
সবুজ বাংলা ক্রীড়া ডেস্ক 

























