সরকারি উন্নয়ন বরাদ্দে বৈষম্য করা হলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে উন্নয়ন বরাদ্দে বৈষম্য হলে প্রয়োজনে ‘বাঘের গর্জন’ করা হবে।
শুক্রবার (৩ জুলাই) সকালে নেত্রকোনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা জামায়াত আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, দেশের কোনো কোনো এলাকায় সরকারি দলের সংসদ সদস্যরা বেশি বরাদ্দ পাচ্ছেন, অথচ বিরোধী দলের সংসদ সদস্যরা তা থেকে বঞ্চিত হচ্ছেন। অতীতেও এমন বৈষম্য দেখা গেছে, তবে এখন তা আর মেনে নেওয়া হবে না।
তিনি বলেন, নেত্রকোনায় সাদামাটির পাহাড় ও সিলিকন বালুর মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও এখানে শিল্পকারখানা গড়ে ওঠেনি। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এ জেলায় শিল্পায়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের আমির বলেন, মাদক নিয়ন্ত্রণ নয়, সম্পূর্ণ নির্মূল করতে হবে। তিনি অভিযোগ করেন, সীমান্ত দিয়ে মাদক প্রবেশের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে বন্ধ করতে পারে। বর্তমানে শুধু তরুণ নয়, বয়স্কদের মধ্যেও মাদকাসক্তি বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
ভারত সীমান্ত দিয়ে ‘পুশ ইন’-এর অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, দেশের এক ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি জনগণও সচেতনভাবে ভূমিকা রাখবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, ক্ষমতায় আসা প্রতিটি সরকারই পরিস্থিতির উন্নতির দাবি করে, কিন্তু বাস্তবে সেই উন্নতির প্রতিফলন সাধারণ মানুষ দেখতে পায় না।
জেলা জামায়াতের আমির ছাদেক আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে শফিকুর রহমান শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা পাবলিক হলে অনুষ্ঠিত জেলা জামায়াতের ষাণ্মাসিক সদস্য (রুকন) সম্মেলনে যোগ দেন।
স্টাফ রিপোর্টার: 























