রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলা, চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ।
রোববার (৫ জুলাই) দুপুরে ‘চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসী প্রতিরোধ কমিটি’-এর ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি গুলিস্তান থেকে শুরু হয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন অভিযোগ করেন, কয়েকদিন ধরে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করা হচ্ছিল। এর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে তিনজন গুরুতরসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
জামায়াতের দাবি, দীর্ঘদিন ধরে গুলিস্তান এলাকায় বিএনপির স্থানীয় কর্মীরা চাঁদাবাজি ও দখলদারিত্ব চালিয়ে আসছেন। সম্প্রতি কিছু মার্কেট নিয়ন্ত্রণে নিতে তালাবদ্ধ করার চেষ্টা হলে সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে জামায়াতের স্থানীয় নেতারা তাদের পাশে দাঁড়ান।
দলটির ভাষ্য অনুযায়ী, চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রোববারের বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ীরা অংশ নিলে সেখানে অতর্কিত হামলার ঘটনা ঘটে।
এর আগে শনিবারও জামায়াত অভিযোগ করেছিল, গুলিস্তানে তাদের মিছিলে বিএনপির স্থানীয় কর্মীরা হামলা চালিয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সবুজ বাংলা অনলাইন 

























