লাল কার্ডজনিত নিষেধাজ্ঞায় থাকা ফুটবলার ফোলারিন বালোগানকে ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মধ্যে শেষ পর্যন্ত সেই বালোগানকে নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র। তবে সব বিতর্ককে পেছনে ফেলে বেলজিয়ামের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে স্বাগতিকরা।
বালোগানকে খেলানোর সিদ্ধান্ত মেনে নিতে পারেনি বেলজিয়াম। তারা বিষয়টি নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক আবেদনও করেছিল। তবে ফিফা সেই আবেদন খারিজ করে দেয়। যদিও ম্যাচে বালোগান তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি।
দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ও ফিফাকে ইঙ্গিতপূর্ণ খোঁচা দেয় বেলজিয়াম ফুটবল ফেডারেশন।
বেলজিয়ামের চতুর্থ গোলটি করেন রোমেলু লুকাকু। গোলের পর লুকাকুসহ দলের খেলোয়াড়দের ছবি প্রকাশ করে বেলজিয়াম ফুটবল ফেডারেশন। ছবির ক্যাপশনে লেখা হয়, ‘বাতিল করে দেখাও।’
শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, ম্যাচ শেষে ট্রাম্পের পরিচিত নাচের ভঙ্গিও নকল করে উদযাপন করেন বেলজিয়ামের ফুটবলাররা। ফুটবল মহলে এটি ট্রাম্পের প্রতি সরাসরি ব্যঙ্গ হিসেবেই দেখা হচ্ছে।
যদিও কারও নাম উল্লেখ করা হয়নি, তবু বেলজিয়ামের বার্তাটি যে ফিফা, সংস্থাটির সভাপতি এবং ট্রাম্পকে লক্ষ্য করেই দেওয়া হয়েছে, সেটি স্পষ্ট। তাদের বক্তব্যের ইঙ্গিত ছিল—মাঠের বাইরে সিদ্ধান্ত নেওয়া গেলেও, আসল লড়াই হয় মাঠের ভেতরে। আর সেই লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে কোনো সুযোগই দেয়নি বেলজিয়াম।
ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের কোচ মওরিসিও পোচেত্তিনোও লাল কার্ড বিতর্ক নিয়ে কথা বলেন। তবে দলের পরাজয়ের জন্য তিনি সেই বিতর্ককে দায়ী করতে চাননি।
তিনি বলেন, “খুব হতাশ লাগছে। নিজের ওপর রাগ হচ্ছে। লাল কার্ড বিতর্ক আমাদের খেলায় কোনো প্রভাব ফেলেনি। অজুহাত দিয়ে লাভ নেই। আজ আমাদের দিন ছিল না।”
শু/সবা
সবুজ বাংলা ক্রীড়া ডেস্ক 
























