কেপ ভার্দের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর খুব বেশি বিশ্রামের সুযোগ পায়নি আর্জেন্টিনা। শেষ ষোলোর বাধা পেরিয়ে মায়ামিতে সংক্ষিপ্ত অনুশীলন শেষে এবার আটলান্টায় পৌঁছেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মঙ্গলবারের কোয়ার্টার ফাইনালে আফ্রিকার শক্তিশালী দল মিশরের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসিরা।
এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে রুদ্ধদ্বার অনুশীলনে নতুন রণকৌশল সাজাতে শুরু করেছেন কোচ লিওনেল স্কালোনি। কেপ ভার্দের বিপক্ষে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন না তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও সেই ইঙ্গিত দিয়েছিলেন আর্জেন্টাইন কোচ।
দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মিশরের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে।
ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন নিকোলাস তাগলিয়াফিকো। ফলে বাঁ-প্রান্তের ডিফেন্সে তিনি আবারও একাদশে ফিরতে পারেন। তার অনুপস্থিতিতে ফাকুন্দো মেদিনা ভালো খেললেও কেপ ভার্দের বিপক্ষে ক্র্যাম্পের কারণে ম্যাচ শেষ করতে পারেননি।
স্ট্রাইকার পজিশনে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজকে নিয়ে নতুন করে ভাবছেন স্কালোনি।
আলভারেজ ইনজুরির কারণে পুরোপুরি ফিট না থাকায় টুর্নামেন্টের শুরুতে সুযোগ পেয়েছিলেন লাউতারো। তবে শেষ ম্যাচে তার নিষ্প্রভ পারফরম্যান্সের পর এবার শুরু থেকেই আলভারেজকে নামানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
মাঝমাঠেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে নেমে দারুণ খেলেছেন লিয়ান্দ্রো পারেদেস। তাকে একাদশে জায়গা দিলে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে কিছুটা এগিয়ে খেলতে হতে পারে।
অন্য বিকল্প হিসেবে আক্রমণে গতি বাড়াতে থিয়াগো আলমাদার পরিবর্তে নিকোলাস গঞ্জালেসকেও ব্যবহার করতে পারেন স্কালোনি।
২০২২ বিশ্বকাপেও টুর্নামেন্টের মাঝপথে সফলভাবে একাদশে পরিবর্তন এনে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবারও ভুলত্রুটি শুধরে সেরা কম্বিনেশন খুঁজে নেওয়ার চেষ্টা করছেন বিশ্বকাপজয়ী এই কোচ।
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো (অথবা ফাকুন্দো মেদিনা); রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস (অথবা নিকোলাস গঞ্জালেস); লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ (অথবা লাউতারো মার্টিনেজ)।
সবুজ বাংলা ক্রীড়া ডেস্ক 
























