স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আবেগ, আত্মবিশ্বাস ও রসিকতায় ভরপুর এক উপস্থিতি দেখালেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এ সময় তিনি নিশ্চিত করেন, চলমান আসরই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।
আজ (সোমবার) দিবাগত রাত ১টায় শেষ ষোলোয় মুখোমুখি হবে স্পেন ও পর্তুগাল। ফলে লামিনে ইয়ামাল কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদো—দুজনের একজনের বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ হবে।
সংবাদ সম্মেলনের শুরু থেকেই প্রাণবন্ত ছিলেন রোনালদো। একপর্যায়ে ব্রাজিলিয়ান সাংবাদিক মার্সেলো বেকলারকে উদ্দেশ করে হাস্যরসের সুরে বলেন,
‘আমি ওই সাংবাদিককে চ্যালেঞ্জ জানাতে চাই। আপনি আমাকে একটি ভালো প্রশ্ন করুন। জানি, আপনি আমাকে পছন্দ করেন না। মানুষের মুখ আমার খুব ভালো মনে থাকে।’
এর জবাবে মার্সেলো বেকলার প্রশ্ন করেন, ‘আমি আপনার ভক্ত এবং আপনার সঙ্গে কথা বলতে পারা আমার জন্য সম্মানের। ৪১ বছর বয়সে খেলার সবচেয়ে কঠিন দিকটি কী?’
প্রশ্নের উত্তরে গম্ভীর ভঙ্গিতে রোনালদো বলেন, ‘এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। সবচেয়ে কঠিন কাজ হলো আপনাদের সবার সঙ্গে কথা বলা। বিশেষ করে আপনাদের মধ্যে যারা আমাকে পছন্দ করেন না, তাদের সঙ্গে।’
এরপর সমালোচনা নিয়ে প্রশ্ন করা হলে রোনালদো বলেন, ‘আপনার প্রশ্নের উত্তর হলো, যতটা সম্ভব সময়টা উপভোগ করা। কারণ এটাই আমার শেষ বিশ্বকাপ।’
সমালোচকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘৪০ বছর বয়সের পর আমি অনেক কিছু শিখেছি। আশা করি আরও ৪০ বছর বাঁচব। কঠোর সমালোচনার মাধ্যমেই মানুষ সবচেয়ে বেশি বিকশিত হয়। আপনারা যে সেই কাজটি চালিয়ে যাচ্ছেন, তার জন্য ধন্যবাদ। এক অর্থে এর মাধ্যমেই আমি আরও ভালো মানুষ হচ্ছি।’
সংবাদ সম্মেলনে একটি মজার ঘটনাও তুলে ধরেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। তিনি বলেন,
‘গতকাল বিমানে একজন আর্জেন্টাইন বিমানকর্মী ছিলেন। তিনি যেভাবে আমার দিকে তাকিয়েছিলেন, তাতেই বুঝেছিলাম তিনি আর্জেন্টাইন। আমি তাকে বলেছিলাম, “আপনি যেভাবে আমার দিকে তাকালেন, তাতেই বুঝেছি আপনি আর্জেন্টাইন। আর যদি দ্রুত মুখ ফিরিয়ে নিতেন, তাহলে বুঝতাম আপনি ক্রিশ্চিয়ানোকে পছন্দ করেন না।”’
রোনালদো বলেন, মাঠের সাফল্য-ব্যর্থতা তার পরিচয় বদলে দিতে পারবে না।
তার ভাষায়, ‘বিশ্বকাপ জিতলে আমি আরও বেশি ক্রিশ্চিয়ানো হয়ে যাব না, আবার না জিতলেও কম ক্রিশ্চিয়ানো হয়ে যাব না। সোমবার জয় বা হার যাই হোক না কেন, আমি সম্পূর্ণ স্বচ্ছ বিবেক নিয়ে মাঠ ছাড়ব। ১০০ শতাংশ নয়, ১০০০ শতাংশ।’
শু/সবা
সবুজ বাংলা ক্রীড়া ডেস্ক 
























