মাত্র কয়েকদিন আগেই সফল এশিয়া কাপ মিশন শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এমন অর্জনের পরও যুব ক্রিকেটারদের বিশ্রামের ফুরসত নেই। তাদের সামনে এবার আরো বড় পরীক্ষা। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যাকে সামনে রেখে বাংলাদেশের যুবারা ১ জানুয়ারি থেকে বিশ্বকাপের ক্যাম্প শুরু করবে। তার আগে তাদের দেখা যাবে ঘরোয়া টুর্নামেন্ট বিসিএলে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগ জানিয়েছে, বিশ্বকাপের আগে ক্রিকেটাররা যাতে খেলার মধ্যে থাকেন, এজন্য বিসিএল খেলানো হবে। বিসিএলের পরই ১ জানুয়ারি থেকে শুরু হবে যুব বিশ্বকাপের ক্যাম্প।
গেম ডেভেলপমেন্ট বিভাগ আরো জানায়, ‘আমরা চাচ্ছি ক্রিকেটাররা যাতে রিদমে থাকে। যেহেতু বিশ্বকাপের আর বেশি দেরি নেই, এজন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত বিসিএলের ওয়ানডে সংস্করণ খেলবে তারা। এর পর ১ জানুয়ারি থেকে বিশ্বকাপের ক্যাম্প শুরু হবে।’
তবে এই ক্যাম্প থেকে পেসাররা বিশ্রামে থাকছেন। তাদেরকে রাখা হচ্ছে না বিসিএলের দলে। ২৪ ডিসেম্বর থেকে কক্সবাজারে শুরু হবে ওয়ানডে সংস্করণ। পরবর্তীতে ৩০ ডিসেম্বর ফাইনাল হবে মিরপুরে। বিসিএল শেষ হওয়ার পর একদিন বিরতি দিয়েই বিশ্বকাপের ক্যাম্প শুরু হবে যুবাদের। প্রায় সপ্তাহখানেক ক্যাম্পের পর দল উড়াল দেবে দক্ষিণ আফ্রিকায়। সেখানেও তাদের কয়েকদিনের কন্ডিশনিং ক্যাম্প হবে।
আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে যুব বিশ্বকাপ। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে প্রথম মাঠে নামবে বাংলাদেশ। ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে সে ম্যাচে ২০২০ সালের চ্যাম্পিয়নরা খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। বাংলাদেশ গ্রুপে আরো রয়েছে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেন্যুতে চলবে এই বিশ্বকাপ আসর। ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি। সব মিলিয়ে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এবারের বিশ^কাপে ১৬টি দল অংশ নিচ্ছে। দলগুলোকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপের চার দল হচ্ছেÑ অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। আর ‘ডি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও নেপাল।
প্রতি গ্রুপ থেকে তিনটি করে দল দ্বিতীয় পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ পর্বের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। ৬ ফেব্রুয়ারি প্রথম সেমিফাইনাল। একদিন বিরতির পর ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।
শিরোনাম
বিশ্বকাপ ক্যাম্পে নামছে এশিয়ান চ্যাম্পিয়নরা
-
ক্রীড়া প্রতিবেদক - আপডেট সময় : ০৭:৩৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- ।
- 164
জনপ্রিয় সংবাদ


























