ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে রাওয়ালপিন্ডি থেকে দেশে ফেরার পর নিয়মিত অনুশীলন করেছে টিম টাইগার্স। কাপ্তান নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে অভিজ্ঞ মুশফিকুর রহিম, লিটন দাসরা ভারত সিরিজ নিয়ে যথেষ্ট সিরিয়াস। ভারতের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আজ (রোববার) দুপুরে দেশ ছাড়লেন ক্রিকেটাররা।
দুপুর ১টা ৫ মিনিটের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন ক্রিকেটাররা। দলের সঙ্গে এদিন ১৫ ক্রিকেটার গিয়েছেন। এ ছাড়া ইংল্যান্ড থেকে ভারতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের।
এদিকে, দেশ ছাড়ার আগে জেতার পরিকল্পনার কথাই জানালেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বলছিলেন, ‘পুরো দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করবো, যাতে ভালো ক্রিকেট খেলা যায়। বাংলাদেশ দল জিতুক এটাই পরিকল্পনা। সেই লক্ষ্যেই আমরা মাঠে নামব। আর আমি নিজেও ভালো প্রস্তুতি নিতে পেরেছি। সর্বোচ্চ চেষ্টা করবো দলের হয়ে অবদান রাখার।’


























