চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে আরও ৬টি নতুন ই-কার সংযোজন করা হয়েছে। এ নিয়ে মোট ই কার বা ইলেকট্রনিক গলফ কারের সংখ্যা দাঁড়ালো মোট ১২টি।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরোপয়েন্ট এলাকায় বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, চাকসু প্রতিনিধির উপস্থিতে এই ই-কার উদ্বোধন করা হয়েছে।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো.কামাল উদ্দিন জানান, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আগে ছয়টি ই-কার চালু করছিলাম। যা আমাদের শিক্ষার্থীদের তুলনায় খুবই কম ছিলো। যার কারণে আমরা চাকসুর নির্বাচিত যোগাযোগ ও আবাসন সম্পাদকের অনুরোধে এখন আরও ছয়টি ই-কার যুক্ত করেছি। আশা করি শিক্ষার্থীরা উপকৃত হবেন।
এ সম্পর্কে চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ই-কারের অপ্রতুলতার কারণে শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে গাড়ি না পেয়ে হেঁটে অথবা রিকশায় করে যাতায়াত করতে হচ্ছিল। শিক্ষার্থীদের এই ভোগান্তি নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠকে নতুন আরও ৬টি ই-কার এনেছি। তিনি আরও বলেন, ‘আশা করি, নতুন ই-কারগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের ভোগান্তি কিছুটা হলেও কমবে ইনশাআল্লাহ। পরবর্তীতে চাহিদা অনুযায়ী আরও গাড়ি আনার উদ্যোগ নেওয়া হবে।’
এছাড়া তিনি আরও জানান, শীঘ্রই ই-কারের পুনর্বিবেচিত ভাড়া কার্যকর করা হবে, আগের ভাড়ার চেয়ে নতুন ভাড়ার তালিকায় ভাড়া কমানোর উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট পরীক্ষামূলকভাবে ৬টি ই কার চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আরও ৬টি ইকার যুক্ত করা হয়েছে। চবি ক্যাম্পাসে একযোগে ১২টি ই- কার যাতায়াতে শিক্ষার্থীদের সেবা দিবে।
চবি প্রতিনিধি 

























