নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও সংহতি কর্মসূচি পালন করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়-এর একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর ফটকের পাশে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় নারী শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত এবং যৌন হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
আয়োজকদের পক্ষে এমবিএ বিভাগের শিক্ষার্থী মুশতাক তাহমিদ বলেন, নারীর নিরাপত্তা একটি মৌলিক অধিকার। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ শাহজাহান-এর বিরুদ্ধে চাকরি, পদোন্নতি ও আর্থিক সহায়তার প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপন এবং ভর্তি-বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ উত্থাপিত হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
তবে মোহাম্মদ শাহজাহান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ বেআইনি ও উদ্দেশ্যপ্রণোদিত।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী সালমান বিন রহমান বলেন, ক্যাম্পাসকে আর শতভাগ নিরাপদ বলা যাচ্ছে না। অভিযোগ যাঁর বিরুদ্ধেই উঠুক, পরিচয়ের চেয়ে অভিযোগের সত্যতা যাচাই এবং বিচার নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কর্মসূচি থেকে সারা দেশে নারী নিপীড়ন, ধর্ষণ ও হত্যার ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। শিক্ষার্থীদের হাতে থাকা ব্যানার ও প্ল্যাকার্ডে ‘যৌন হয়রানিমুক্ত নিরাপদ ক্যাম্পাস চাই’, ‘নিরাপদ ক্যাম্পাস আমার অধিকার’, ‘নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করো’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 

























