ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর ভোট সুষ্ঠু হলে কমপক্ষে ৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার আশাবাদ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তার আসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনকালে নুর সাংবাদিকদের বলেন, “ভোট সুষ্ঠু হলে আমরা বিজয়ী হবো। আমাদের লোকজন ভদ্র ও নম্র প্রকৃতির, তবে তাদের সঙ্গে বিভিন্নভাবে দুর্ব্যবহার করা হয়েছে। মূলত ভদ্র পলিটিক্স করায় অনেকেই আমাদের বিরুদ্ধে দুর্ব্যবহার করছে।”
নুরুল হক নুর প্রিজাইডিং অফিসারদের কিছু আচরণকেও উল্লেখ করেছেন। তিনি অভিযোগ করেন, “অনেক কেন্দ্রে সরকারি প্রিসাইডিং অফিসার স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট দিতে চাচ্ছেন এবং মানুষকে চাপের মধ্যে রাখছেন। এছাড়া বিভিন্ন এলাকায় আমাদের এজেন্টদের সঙ্গে ঝামেলা হওয়ায় ভোটাররা আতঙ্কিত হয়েছেন।”
তিনি আরও বলেন, আসনের চল্লিশটির মতো ভোটকেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ। “যেকোনো সময় সংঘাত বা সহিংসতা ঘটতে পারে। শেষ মুহূর্তে প্রশাসনের তৎপরতা না থাকলে সমস্যা দেখা দিতে পারে। আশা করি, এ বিষয়ে প্রশাসন পদক্ষেপ নেবে।”
উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

























