ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩, রংপুর-৪ ও রংপুর-৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছেন পরাজিত বিএনপি প্রার্থীদের কর্মী-সমর্থকরা। রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় আখতার হোসেন ও জেলা প্রশাসককে ‘ভোট চোর’ আখ্যা দিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামু, রংপুর-৪ আসনের প্রার্থী এমদাদুল হক ভরসা এবং রংপুর-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলামসহ কয়েক হাজার নেতাকর্মী। তারা রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্গণনার দাবি জানান এবং দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেনকে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে’ বিজয়ী করা হয়েছে বলে অভিযোগ করেন এমদাদুল হক ভরসা। তার দাবি, প্রায় ৮ হাজার ৫০০ ভোট বাতিল করা হয়েছে, যা সন্দেহজনক। পুনর্গণনা হলে প্রকৃত ফলাফল বেরিয়ে আসবে বলেও জানান তিনি।
রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, তারা নিয়মতান্ত্রিক আন্দোলন শুরু করেছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চলবে। একই ধরনের অভিযোগ তুলে রংপুর-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলামও পুনর্গণনার দাবি জানান। তার অভিযোগ, প্রশাসন ও একটি রাজনৈতিক চক্র নির্বাচনে প্রভাব বিস্তার করেছে।
বিক্ষোভের একপর্যায়ে জেলা প্রশাসকের ওপর চড়াও হন উত্তেজিত নেতাকর্মীরা। পরে তারা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানএর কাছে লিখিত অভিযোগ ও স্মারকলিপি জমা দেন। জেলা প্রশাসক জানান, অভিযোগপত্র নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।
অন্যদিকে রংপুর-৪ আসনে বিজয়ী প্রার্থী আখতার হোসেন অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বীর কর্মী-সমর্থকরা বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশাসনের কাছে আইনগতভাবে পরিস্থিতি সমাধানের আহ্বান জানান এবং নিরীহ মানুষের বিরুদ্ধে বলপ্রয়োগ না করার অনুরোধ করেন।
ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, রংপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মাহবুবুর রহমান বেলাল ১ লাখ ৭৮ হাজার ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রংপুর-৪ আসনে আখতার হোসেন পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট। রংপুর-৬ আসনে জামায়াতে ইসলামীর নুরুল আমীন ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিন আসনেই বিএনপি প্রার্থীরা ফলাফল পুনর্গণনার দাবি জানিয়েছেন।
শু/সবা






















