মেয়েকে ঘিরে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ভালোবাসা দিবসের আবহে প্রথমবারের মতো কন্যাসন্তান আনায়ার ছবি প্রকাশ করেছেন তিনি।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, অপূর্ব স্নেহভরে কোলে তুলে রেখেছেন ছোট্ট আনায়াকে। বাবার বুকে নিশ্চিন্ত ঘুমে বা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা শিশুকন্যার সেই মুহূর্ত দ্রুত ছড়িয়ে পড়ে ভক্তদের টাইমলাইনে। আরেকটি ছবিতে অপূর্বের পাশে রয়েছেন তাঁর স্ত্রী শাম্মা দেওয়ান। তিনজনের হাসিমাখা ফ্রেম যেন পূর্ণতার এক প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
ছবির ক্যাপশনে অপূর্ব লিখেছেন, ‘এই বছর আমাদের ভ্যালেন্টাইন হলো আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া। ওর জন্য দোয়া করবেন।’ পোস্ট দেওয়ার আট ঘণ্টার মধ্যেই ছবিগুলোতে ১৫ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে এবং দেড় শতাধিক মন্তব্য জমা হয়। ভক্তরা নবজাতকের সুস্থতা ও মঙ্গল কামনা করেছেন।
ব্যক্তিজীবনে নানা উত্থান-পতনের পর ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। গত বছরের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় তাঁদের কন্যা আনায়া। এর আগে ২০১১ সালের ২১ ডিসেম্বর তিনি অদিতিকে বিয়ে করেন; নয় বছর পর ২০২০ সালে তাঁদের বিচ্ছেদ হয়। সেই সংসারে আয়াশ নামে এক পুত্রসন্তান রয়েছে। আরও আগে অভিনেত্রী প্রভার সঙ্গেও তার দাম্পত্য ছিল।
শু/সবা

























