ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি-র মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার একটি হাসপাতালে প্রায় চার ঘণ্টাব্যাপী অপারেশনের মাধ্যমে তার টিউমার অপসারণ করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে (পোস্ট-অপারেটিভ কেয়ার) রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারে কোনো জটিলতা হয়নি।
তবে নির্মাতা হাসান রেজাউল সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আগামী ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। পোস্ট-অপারেটিভ কিছু জটিলতার আশঙ্কা থাকায় এখনই পুরোপুরি বিপদমুক্ত বলা যাচ্ছে না।
তানিয়ার অসুস্থতার খবরে বিনোদন অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অভিনেত্রী সামিরা খান মাহি ফেসবুকে তার একটি ছবি শেয়ার করে লিখেছেন, “হাসপাতালের বিছানায় না, তোমাকে আবার হাসিমুখে আমাদের মাঝে দেখতে চাই।” তিনি তানিয়ার দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
পরিচালক সকাল আহমেদ জানান, বেশ কিছুদিন ধরে তীব্র মাথাব্যথা ও শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন তানিয়া। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে নিজের ফেসবুক পোস্টে তানিয়া বৃষ্টি অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন। ভালোবাসা দিবসে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, “কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।”
বর্তমানে তার পরিবার ও সহকর্মীরা হাসপাতালে ভিড় না করতে এবং শুটিং বা কাজসংক্রান্ত বিষয়ে ফোন বা খুদে বার্তা দিয়ে বিরক্ত না করার অনুরোধ জানিয়েছেন। প্রিয় অভিনেত্রীর দ্রুত সুস্থ হয়ে শুটিংয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন তার সহকর্মী ও অগণিত ভক্ত।
শু/সবা


























