বাড়তে থাকা সংঘাতের মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অ্যান্থনি অ্যালবানিজ। আল জাজিরা-র খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, একটি জরুরি পরিকল্পনার (কন্টিনজেন্সি প্ল্যান) অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে অস্ট্রেলীয় সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে।
অস্ট্রেলীয় পার্লামেন্ট-এ দেওয়া বক্তব্যে অ্যান্থনি অ্যালবানিজ বলেন, সরকার ওই অঞ্চলে ছয়টি ক্রাইসিস রেসপন্স টিম পাঠিয়েছে।
তিনি আরও বলেন, “আমরা চলতি সপ্তাহের শুরুর দিকে আমাদের জরুরি পরিকল্পনার অংশ হিসেবে সামরিক সরঞ্জাম পাঠিয়েছি।”
প্রধানমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এসবিএস নিউজ জানিয়েছে, দুটি সামরিক উড়োজাহাজ পাঠানো হয়েছে।
এদিকে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা-য় যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় মার্ক কার্নি বলেছেন, যুদ্ধে অংশ নেওয়ার সম্ভাবনা পুরোপুরি নাকচ করা যায় না।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের তীব্রতা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলায় ইরান-এ নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। আজ সংঘাতের ষষ্ঠ দিন, বৃহস্পতিবারও উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।
শু/সবা
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 























