ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, এ ধরনের আলোচনা সম্পূর্ণ ভিত্তিহীন এবং নিছক গুজব।
শুক্রবার জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে (বাংলা)-এর একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
রুমিন ফারহানা বলেন, “এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব। এর সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই।” তিনি জানান, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে প্রচার চলছে, তা বাস্তবসম্মত নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করেছে। সেই ধারাবাহিকতায় এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।
তার ভাষায়, “ওরা বারবারই বলেছে, ‘আপা চলে আসেন আমাদের সাথে, আমরা একসাথে কাজ করি।’ কিন্তু আমি বিষয়টি হেসে উড়িয়ে দিয়েছি, এ নিয়ে আর এগোইনি।”
এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার সুযোগ বাড়বে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু কথা বলার সুযোগের জন্য তিনি কোনো জোট বা দলে যোগ দেবেন না। তার মতে, নিজের রাজনৈতিক আদর্শ ও চিন্তাভাবনা বিসর্জন দিয়ে শুধুমাত্র সংসদে বক্তব্য রাখার সুযোগ পাওয়ার জন্য দল পরিবর্তন করা তার পক্ষে সম্ভব নয়।
তিনি আরও জানান, মত প্রকাশের জন্য সংসদের বাইরেও অনেক প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে তিনি নিজের বক্তব্য তুলে ধরতে পারেন।
























