সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম অলিউল্ল্যাকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন হাবিবুল বাশার সুমন ও আইনজীবী ফয়সালা দস্তগীর।
কমিটিকে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেনি, সে বিষয়ে পর্যালোচনা করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত অফিস আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা।
বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা হাবিবুল বাশার সুমনের এই কমিটিতে অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। কারণ, বিসিবির বেতনভুক্ত কর্মকর্তা হয়েও তাকে একটি সংবেদনশীল তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সময়ে পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতের মাটিতে বিশ্বকাপ খেলাকে অনিরাপদ উল্লেখ করে সামাজিক মাধ্যমে পোস্ট দেন। পরে বিসিবিও তার অবস্থানের প্রতি সমর্থন জানায়।
বাংলাদেশ বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় খেলার দাবি জানালেও International Cricket Council (আইসিসি) তা মেনে নেয়নি। শেষ পর্যন্ত উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকায় বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নেয়নি।
শু/সবা
সবুজ বাংলা ক্রীড়া ডেস্ক 























