মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কোরবানির ঈদ উপলক্ষে সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু প্রবেশ ঠেকাতে সরকার, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লেকে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, আসন্ন কোরবানির ঈদে দেশে গবাদিপশুর কোনো সংকট হবে না। বাংলাদেশ বর্তমানে মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮০ একর জলাশয়ে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করা গেলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান এবং বছরে কয়েক কোটি টাকার আয় সম্ভব।
সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় লেকে প্রায় ৩৯৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে বলেও জানান মন্ত্রী। দীর্ঘদিন মাছ চাষ না হওয়া এবং বাইরের পানির সংযোগ থাকায় সেখানে রাক্ষুসে মাছ থাকার সম্ভাবনার কারণে বড় আকারের পোনা ছাড়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কৃষি ও মৎস্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ধান, পাট কিংবা মাছ—কোনো ক্ষেত্রেই এক ইঞ্চি জমি বা জলাশয় অনাবাদি রাখা যাবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এছাড়া উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং মৎস্য অধিদপ্তর-এর মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শু/সবা
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 






















