জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী নির্বাচিত হওয়াকে দেশের মানুষের জন্য গর্বের বিষয় এবং বাংলাদেশের গণতন্ত্রের বিজয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বুধবার (৩ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শুধু জাতিসংঘ নয়, সারা বিশ্বের বাংলাদেশের ওপর আস্থা রয়েছে। এই নির্বাচন সেই আস্থারই প্রতিফলন। তিনি দাবি করেন, এটি বিএনপির ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার সফলতার ফল।
হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত এক প্রার্থীর এ বিষয়ে মন্তব্য বাংলাদেশের বিবেচনার বিষয় নয়। তবে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য প্রথম বিদেশ সফর নিয়ে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ এসেছে। তবে কোন দেশ সফর করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নিজেই।
এ সময় তিনি আরও জানান, মিয়ানমার সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থানে থাকতে সীমান্তরক্ষী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
শু/সবা
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 






















