ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে শনিবার (৬ জুন) রাত ১২টা থেকে রাজধানীর নির্দিষ্ট কয়েকটি এলাকায় আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের মিছিল, সমাবেশ, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে। অধিবেশনকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে পরিচালনার স্বার্থে জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা প্রয়োজন। এ কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকারক ও দূষণীয় সামগ্রী বহন নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ও অনুরূপ কর্মসূচিও বন্ধ থাকবে। জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত এলাকার মধ্যে রয়েছে মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত সড়ক, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও সংলগ্ন সার্ক ফোয়ারা এলাকা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে ফার্মগেট পর্যন্ত অংশ, শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর সড়কের সংযোগস্থল, বেগম রোকেয়া সরণি থেকে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত এলাকা, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকাসহ এর ভেতরে থাকা সব সড়ক ও গলিপথ।
ডিএমপি জানিয়েছে, সংসদের বাজেট অধিবেশন চলাকালে নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শু/সবা
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 





















