ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি হঠাৎ করেই হুইলচেয়ারে বসা দুটি ভিডিও প্রকাশ করে ভক্তদের উদ্বিগ্ন করে তুলেছেন। শুক্রবার সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে দেখা যায়, তাঁর বাম পায়ে প্লাস্টার করা এবং চলাফেরার জন্য হুইলচেয়ার ব্যবহার করছেন তিনি।
প্রথম ভিডিওতে নিজের প্লাস্টার করা পা দেখিয়ে পরীমণি মজার ছলে ক্যাপশনে লেখেন, ‘ঠ্যাং (পা) এ নজর লেগেছে।’ পরে আরেকটি ভিডিওতে তাঁকে ব্যান্ডেজ ও প্লাস্টার করা পা নিয়ে হুইলচেয়ারে বসে থাকতে দেখা যায়। ভিডিওটি সম্ভবত কোনো হাসপাতাল থেকে ধারণ করা হয়েছে বলে ধারণা করছেন ভক্তরা।
তবে কী কারণে তাঁর পায়ে আঘাত লেগেছে বা কেন প্লাস্টার করতে হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানাননি এই অভিনেত্রী।
ভিডিও দুটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন ভক্ত-অনুরাগীরা। অনেকে দ্রুত সুস্থতা কামনা করেছেন, আবার কেউ কেউ জানতে চেয়েছেন ঠিক কী ঘটেছে তাঁর।
এ বিষয়ে পরীমণির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ফলে তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত এখনও জানা যায়নি।
সবুজ বাংলা বিনোদন ডেস্ক 
























