স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান। বৈঠকে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে জনমত ও কূটনৈতিক সমর্থন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বাংলাদেশের এই নীতিগত ও নৈতিক সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আলোচনায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুলসংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাদের বাংলাদেশে আগমন ও পড়াশোনা নির্বিঘ্ন করতে অন-অ্যারাইভাল ভিসা প্রদানের ক্ষেত্রে বিশেষ সহযোগিতা কামনা করেন তিনি।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশ দেন। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানোর অনুরোধ জানান তিনি।
রাষ্ট্রদূত আরও অনুরোধ করেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কোনো ফিলিস্তিনি নাগরিক বা শিক্ষার্থী ভিসার আবেদন করলে তা যাচাইয়ের জন্য আবেদনপত্রের অনুলিপি ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে পাঠানো হোক।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “একটি মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে আমরা ফিলিস্তিনকে আন্তরিকভাবে ভালোবাসি। ফিলিস্তিনের জনগণের কল্যাণে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।”
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এ ধরনের সাইবার অপরাধে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রাষ্ট্রদূতও নতুন দায়িত্ব গ্রহণ করায় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক পরিচালক (ইনচার্জ) ফুয়াদ হাসান পরাগ এবং ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের প্রথম সচিব নূর এইচ ও আলাইদি উপস্থিত ছিলেন।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 


















