জারিয়া ঝাঞ্জাইল রেল স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ প্রকল্পের দীর্ঘদিনের স্থবিরতা কাটানোর ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বুধবার (১৩ মে) জারিয়া ঝাঞ্জাইল রেল স্টেশন পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সংসদ সচিবালয়ের জনসংযোগ শাখা এ তথ্য জানিয়েছে।
ডেপুটি স্পিকার বলেন, “এক শতাব্দী আগে যে উন্নয়ন হয়েছিল, এই স্টেশনের সবকিছু যেন সেখানেই থেমে আছে। তবে রেল প্রতিমন্ত্রীর নেতৃত্ব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতায় এই দীর্ঘস্থায়ী স্থবিরতার দ্রুত অবসান ঘটবে।”
তিনি আরও বলেন, নির্বাচনের সময় এই অঞ্চলের মানুষের কাছে রেললাইন উন্নয়ন ও সম্প্রসারণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বর্তমান সরকার তা বাস্তবায়নে কাজ করছে।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নেত্রকোণার দুর্গাপুর অঞ্চলের পর্যটন, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও স্থানীয় অর্থনীতির উন্নয়নে এই রেললাইন সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি বাস্তবায়িত হলে সীমান্তবর্তী ও দুর্গম এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে রেলপথ সম্প্রসারণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, রেললাইন সম্প্রসারণের লক্ষ্যে ইতোমধ্যে সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) ও ভূমি অধিগ্রহণের কাজ চলছে।
সভায় রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তা, জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 























