বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিত করতে ‘শিশু স্বর্গ’ নামে নতুন একটি প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে দেশের ১০টি জেলার ১০টি উপজেলায় পাইলট ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
বুধবার (১৩ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত প্রতিবন্ধীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিশ্চিতসংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় প্রধানমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মর্যাদা ও সক্ষমতা মূল্যায়ন করে এমন বাস্তবভিত্তিক উদ্যোগ নিতে হবে, যাতে তারা সমাজ ও রাষ্ট্রের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন।
তিনি শিক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেন।
অবকাঠামোগত সুবিধার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, হাসপাতাল, রেস্তোরাঁসহ সরকারি-বেসরকারি সব স্থাপনায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের চলাচল উপযোগী ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিশেষ করে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য উপযোগী দরজা ও টয়লেট নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন প্রসঙ্গে তিনি বলেন, নারীদের জন্য চালুর পরিকল্পনায় থাকা ইলেকট্রিক বাস সার্ভিসেও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা রাখতে হবে।
এ ছাড়া দেশের প্রতিবন্ধী স্কুলগুলোর কার্যক্রম নিয়মিত তদারকির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অন্তর্ভুক্ত করার পরামর্শও দেন তিনি।
জনসচেতনতা বাড়াতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-কে বিশেষ অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শু/সবা
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 























