স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) দেশে হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে।
এর মধ্যে এক শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। বাকি ছয় শিশুর মধ্যে হামের উপসর্গ ছিল। এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৩৬৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, হাম শনাক্ত হওয়া শিশুটি ঢাকায় মারা গেছে। এছাড়া হামের উপসর্গে ঢাকায় চার, চট্টগ্রাম-এ এক এবং ময়মনসিংহ-এ এক শিশুর মৃত্যু হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৭০ শিশু। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে ৫৪ হাজার ৪১৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৩৯ হাজার ১৬০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৪ হাজার ৯৬৮ শিশু।
এ সময়ের মধ্যে দেশে ৭ হাজার ৩০৫ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সবুজ বাংলা অনলাইন 
























