ইরান–এর বেসামরিক বিমান চলাচল সংস্থা পশ্চিমাঞ্চলের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। শনিবার (২৩ মে) যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন সামরিক হামলার আশঙ্কার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তেহরানের ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের পশ্চিমাঞ্চলে অবস্থিত সব বিমানবন্দরে বেসামরিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বর্তমানে মেহরাবাদ বিমানবন্দর, ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর, ইসফাহান ও ইয়াজদসহ দেশজুড়ে মাত্র আটটি বিমানবন্দর সীমিত আকারে চালু রয়েছে। এসব বিমানবন্দরে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দিনের আলোতেই ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া প্রতিটি ফ্লাইটের জন্য নতুন করে অনুমোদন নিতে হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সামরিক উত্তেজনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওয়াশিংটন প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন হামলার বিষয়টি বিবেচনা করছে।
একই সঙ্গে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে বলে জানা গেছে। তবে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 
























