জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, তাঁর বিরুদ্ধে এক টাকার দুর্নীতিরও প্রমাণ পাওয়া গেলে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ব্যক্তিগত কৈফিয়ত দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এর আগে বাজেট আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য আক্তারুজ্জামান অভিযোগ করেন, “অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন। আগে রিকশায় চলতেন, এখন প্রাডো গাড়িতে চলেন।”
এই বক্তব্যের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, “আজও এই সংসদে জুলাই-সংশ্লিষ্ট আমাদের উদ্দেশ করে বলা হয়েছে, আমরা আগে রিকশায় চড়তাম, এখন গাড়িতে চড়ি।”
তিনি সরকারি দলের উদ্দেশে বলেন, “গোয়েন্দা সংস্থাগুলো আপনাদের নিয়ন্ত্রণে রয়েছে। ডিজিএফআই, এনএসআই, পুলিশ, সামরিক বাহিনী—সবই আপনাদের অধীনে। আমি আপনাদের অনুরোধ করব, ইঙ্গিতপূর্ণ অভিযোগ না এনে তদন্ত করুন।”
হাসনাত আরও বলেন, “যদি তদন্ত করে আমার বিরুদ্ধে এক টাকার দুর্নীতি, এক টাকার অসাধু লেনদেন বা অনিয়মেরও প্রমাণ করতে পারেন, তাহলে আমি এই সংসদ থেকে ইস্তফা দেব।”
সংসদে দেওয়া এই বক্তব্যের মাধ্যমে নিজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।
সবুজ বাংলা অনলাইন 
























