ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল চত্বরে গাছ থেকে কাঁঠাল পড়ে ছিয়াকুল ওরফে উজ্জ্বল (৩৮) নামে এক মালির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে রোকেয়া হলের প্রভোস্ট বাংলোর বাগানে এ দুর্ঘটনা ঘটে।
সহকর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ছিয়াকুলকে হাসপাতালে নিয়ে যাওয়া তার সহকর্মী সুনীল চৌহান জানান, তারা দুজনই রোকেয়া হলে মালি হিসেবে কর্মরত ছিলেন। সকালে বাগানের একটি গাছ থেকে কাঁঠাল পাড়ার সময় ছিয়াকুল একটি টেবিলের ওপর দাঁড়িয়ে বাঁশের সাহায্যে কাঁঠাল নামানোর চেষ্টা করেন। এ সময় একটি কাঁঠাল পাশের আরেকটি গাছের কাঁঠালে আঘাত করলে সেটি ছিটকে এসে তার মাথায় আঘাত করে।
আঘাত পেয়ে ছিয়াকুল পাকা মেঝেতে মুখ থুবড়ে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর জখম হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ছিয়াকুল নড়াইলের কালিয়া উপজেলার দেবদুন গ্রামের রয়জুলের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলসংলগ্ন আবাসিক এলাকায় বসবাস করতেন।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 

























