বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে আজ মঙ্গলবার (২৩ জুলাই) থেকে শুরু হয়েছে উশুর অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন জাতীয় উশু প্রতিযোগিতার ১৮তম আসর। রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে ২৭ জুলাই পর্যন্ত।
প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে কাল বৃহস্পতিবার (২৪ জুলাই), দুপুর ২টায়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব আমিনুল ইসলাম, এনডিসি। সভাপতিত্ব করবেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি।
এবারের প্রতিযোগিতায় সেনাবাহিনী, বিজিপি, পুলিশ, আনসার ও ভিডিপি এবং বিকেএসপিসহ মোট ২৮টি দলের ৪১৮ ক্রীড়াবিদ, কোচ ও কর্মকর্তা অংশ নিচ্ছেন। পুরুষ ও নারী মিলিয়ে এবার রয়েছে ২৭টি স্বর্ণপদক ইভেন্ট। এরমধ্যে সান্দা ফাইটে ১৯টি এবং তাওলুতে ৮টি ইভেন্ট। প্রতিযোগিতার শেষে বিভিন্ন শ্রেণিতে সর্বমোট ১০৮টি পদক (স্বর্ণ, রৌপ্য ও তাম্র) প্রদান করা হবে।
বিশেষ আকর্ষণ হিসেবে প্রতিটি স্বর্ণপদক বিজয়ীকে এ্যাওয়ার্ড স্পন্সর প্রাণ গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় ইলেকট্রনিক পণ্য উপহার দেওয়া হবে। দলীয় চ্যাম্পিয়নদের জন্য রয়েছে ট্রফি। সব প্রতিযোগীকে টি-শার্ট ও সনদপত্র প্রদান করা হবে।
এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে আগামী ২৭ জুলাই, রবিবার, বিকেল ৪টায়। এতে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বিশেষ অতিথি থাকবেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাও পেং।
উল্লেখ্য, জাতীয় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নিয়ে আগামী ১ আগস্ট থেকে মিরপুর ক্রীড়াপল্লীতে একটি আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে, যেখানে স্বর্ণ ও রৌপ্যপদকজয়ীরা প্রাধান্য পাবে। মূলত ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে নিতে চায় বাংলাদেশ উশু ফেডারেশন।
আরকে/সবা


























