আজ ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১৮তম জাতীয় উশু প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, এনডিসি, প্রধান অতিথি হিসেবে উশুর অন্যতম মর্যাদাপূর্ণ এ আয়োজনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে উশুর প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু।
জাতীয় উশু প্রতিযোগিতা গত মঙ্গলবার শুরু হয়। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে ২৭ জুলাই পর্যন্ত।
এবারের প্রতিযোগিতায় সেনাবাহিনী, বিজিপি, পুলিশ, আনসার ও ভিডিপি এবং বিকেএসপিসহ মোট ২৮ দলের ৪১৮ ক্রীড়াবিদ, কোচ ও কর্মকর্তা অংশ নিচ্ছেন। পুরুষ ও নারী মিলিয়ে এবার রয়েছে ২৭টি স্বর্ণপদক ইভেন্ট। এরমধ্যে সান্দা ফাইটে ১৯টি এবং তাওলুতে ৮টি ইভেন্ট। প্রতিযোগিতার শেষে বিভিন্ন শ্রেণিতে সর্বমোট ১০৮টি পদক (স্বর্ণ, রৌপ্য ও তাম্র) প্রদান করা হবে।
বিশেষ আকর্ষণ হিসেবে প্রতিটি স্বর্ণপদক বিজয়ীকে এ্যাওয়ার্ড স্পন্সর প্রাণ গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় ইলেকট্রনিক পণ্য উপহার দেওয়া হবে। দলীয় চ্যাম্পিয়নদের জন্য রয়েছে ট্রফি। সব প্রতিযোগীকে টিশার্ট ও সনদপত্র প্রদান করা হবে।
আরকে/সবা


























