মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ দারুণ বোলিং করে ভারতকে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রানে আটকে দেয়। অধিনায়ক ফাহিমা খাতুনসহ বাংলাদেশের বোলিং ইউনিট বেশ আশা জাগিয়েছে। তবে ব্যাটিংয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ধীরগতি ও উইকেট পতনের কারণে শিরোপা হাতছাড়া করতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।
রোববার (২২ ফেব্রুয়ারি) ব্যাংককে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ২০ ওভারে তারা ৭ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করে। তেজাল হাসাবনিস ৩৪ বলে ৫১ রানে অপরাজিত থাকেন, ৩ চার ও ২ ছক্কায়। অধিনায়ক রাধা যাদব ৩৬ ও দীনেশ ব্রিন্দা ১৯ রান করেন। বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ২৫ রানে ৪ উইকেট শিকার করেন।
বাংলাদেশের ব্যাটিং শুরুটা ভালো হলেও দ্রুত ছন্দপতনের শিকার হয়। পাওয়ার প্লেতে মাত্র ১ উইকেট হারিয়ে ৩৬ রান করার পর একের পর এক উইকেট হারাতে থাকে দল। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতে ৮৮ রানে অলআউট হয় লাল-সবুজের মেয়েরা। দলের সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার শামিমা সুলতানা, শারমিন সুলতানা ১৮, ফাহিমা খাতুন ১৪ ও সাদিয়া আক্তার ১০ রান করেন।
ভারতের বোলিংয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন প্রেমা রাওয়াট, দুটি করে উইকেট নেন সোনিয়া ও তানুজা। ৪৬ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছে ভারত, যা তাদের টানা দ্বিতীয়বার এশিয়া কাপ রাইজিং স্টারস জয়ের স্বীকৃতি দিয়েছে। ২০২৩ সালে হংকংয়ে প্রথম টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
শু/সবা


























