গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর দিনাজপুর জেলা অফিসের আয়োজনে যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) দিনাজপুর শহরের **মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠ**ে পাঁচটি উপজেলার যুব সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী এ যুব উৎসব অনুষ্ঠিত হয়।
যুব উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসডিএফ রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জানে আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক খন্দকার মো. রওনাকুল ইসলাম এবং এসডিএফ’র আঞ্চলিক ব্যবস্থাপক (আইসিবি ও যুব ও কর্মসংস্থান) মো. বারী আনছারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মকর্তা মাহাবুবুল ফেরদৌস, আল আমিন, মাহমুদ উল ইসলাম, আমিনা খাতুন, ইঞ্জিনিয়ার এনামুল হক, ডা. ওসমান গণি, মাহসিনা জেরিন রত্না, এ. কে. এম. রকিব উল্লাহ, ক্লাস্টার অফিসার মো. জানে আলম, বাবুল করিম ও মো. হাসান আলী। এছাড়াও বিভিন্ন গ্রাম সমিতির যুব সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি যুবকদের উদ্দেশে বলেন, চাকরির পেছনে না ছুটে দক্ষতা প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তুলতে হবে। যুবদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে এসডিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমাজের পিছিয়ে পড়া দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানে এসডিএফ প্রশংসনীয় ভূমিকা রাখছে।
সভাপতির বক্তব্যে মো. সাইফুল ইসলাম বলেন, দক্ষ যুবকই দেশের সম্পদ। দেশের প্রয়োজনে যুবসমাজ সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরিবার ও জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে যুবকদের দক্ষতা প্রশিক্ষণ গ্রহণ করে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে হবে। এ ক্ষেত্রে এসডিএফ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে।
পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী যুব সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জানে আলম, আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম এবং উপপরিচালক খন্দকার মো. রওনাকুল ইসলাম। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
শু/সবা





















