জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, পাড়া-মহল্লায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কমিটি গঠন করে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সোমবার (৯ মার্চ) খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “পাড়ায় মহল্লায় চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে কমিটি গঠন করে প্রতিরোধ গড়ে তুলতে হবে, ভয় পাওয়া যাবে না।”
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উদ্দেশে তিনি বলেন, সংসদ অধিবেশন বসলে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা হলে তারা জাতীয় সংসদের সামনে গিয়ে প্রতিবাদ জানাবেন।
তিনি বলেন, “গুণ্ডা, মাস্তান, চাঁদাবাজদের নিয়ে সংসদে কী করবেন—আমরা তাদের ঠিক করে দেবো।”
নাসীরুদ্দীন পাটওয়ারী খুলনায় ভারতের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সমালোচনা করে বলেন, এটি পরিবেশ ও অঞ্চলের প্রাণবৈচিত্র্যের জন্য হুমকি। তার দাবি, দ্রুত ওই বিদ্যুৎকেন্দ্র বন্ধ করতে হবে। তিনি উদাহরণ হিসেবে শ্রীলঙ্কা-এর গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করেন, যেখানে ভারতীয় প্রকল্প বন্ধ করার দাবি উঠেছিল বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি করপোরেশন-এর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং ১১ দলীয় জোটের খুলনা বিভাগের নেতৃবৃন্দ।
শু/সবা

























