মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ঢেউ ইতোমধ্যে ইউরোপে অনুভূত হতে শুরু করেছে বলে সতর্ক করেছেন উরসুলা ফন ডের লিয়েন। তিনি বলেছেন, এই সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম বাড়ছে এবং ন্যাটো-এর মিত্র দেশগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।
মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার আগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কূটনীতিকদের বার্ষিক সম্মেলনে তিনি এ সতর্কবার্তা দেন।
ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ রাষ্ট্রদূতদের সম্মেলনে ফন ডের লিয়েন বলেন, “আমরা এখন একটি আঞ্চলিক সংঘাতের অনাকাঙ্ক্ষিত পরিণতি দেখছি। যুদ্ধের বিস্তার আজ এক রূঢ় বাস্তবতা।”
তিনি বলেন, এই সংঘাতের প্রভাব সরাসরি ইউরোপীয় নাগরিকদের ওপর পড়ছে এবং ইউরোপের অংশীদার দেশগুলোও আক্রান্ত হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি সাইপ্রাসে অবস্থিত একটি ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ইরান-নির্মিত ড্রোন হামলার কথা উল্লেখ করেন।
এ ছাড়া বাণিজ্য ব্যাহত হওয়া এবং মানুষের বাস্তুচ্যুত হওয়াকেও তিনি বড় সংকট হিসেবে উল্লেখ করেন।
ফন ডের লিয়েন বলেন, এই যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থার ভবিষ্যৎ এবং বিশ্বজুড়ে ২৭ দেশের জোট ইইউর অবস্থান নিয়ে ‘অস্তিত্ব রক্ষার প্রশ্ন’ তৈরি করেছে।
তিনি বলেন, “এই বিশৃঙ্খল বিশ্ব থেকে আমরা নিজেদের গুটিয়ে নেব বা পিছিয়ে আসব—এমন ধারণা করা একটি বড় ভুল।”
সূত্র: আল জাজিরা।
শু/সবা
























