ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষের দিকে। গত ৮ এপ্রিল শুরু হওয়া এই যুদ্ধবিরতি আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। ফলে আবারও আতঙ্ক ও অনিশ্চয়তায় পড়েছেন সাধারণ ইরানিরা।
আল জাজিরা-এর সাংবাদিক তৌহিদ আসাদি তেহরান থেকে জানিয়েছেন, দেশটির মানুষের মধ্যে একদিকে যেমন আশা, অন্যদিকে তেমনি গভীর উদ্বেগ কাজ করছে।
তার মতে, আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হতে পারে—এমন আশা এখনও রয়েছে, তবে তা খুবই ক্ষীণ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হলে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আশাবাদ তৈরি হয়েছিল। কারণ, চুক্তি হলে নিষেধাজ্ঞা শিথিল হতে পারে এবং এতে জীবনমান উন্নত হওয়ার সম্ভাবনা ছিল।
তবে ভবিষ্যৎ নিয়ে ইরানিদের মধ্যে অনিশ্চয়তা প্রবল। যুদ্ধবিরতির মধ্যেও তারা আতঙ্কে রয়েছেন। কারণ অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলাকালীন সময়েই হঠাৎ বিমান হামলার অভিজ্ঞতা রয়েছে তাদের, যা ছিল অপ্রত্যাশিত।
প্রতিবেদনে বলা হয়, এই অভিজ্ঞতা থেকেই অনেকেই আশঙ্কা করছেন—যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবারও এমন পরিস্থিতি তৈরি হতে পারে।
তবে আতঙ্কের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে প্রতিরোধের মানসিকতাও লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই সরকারকে সমর্থন জানিয়ে প্রকাশ্যে অবস্থান নিচ্ছেন।
সব মিলিয়ে, যুদ্ধবিরতির মেয়াদ শেষের প্রাক্কালে তেহরানসহ দেশজুড়ে উদ্বেগ, শঙ্কা ও অনিশ্চয়তা বিরাজ করছে।
শু/সবা

























