সেবাগ্রহীতাদের ভোগান্তি কমানো এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঢাকা জেলা প্রশাসনে চালু হতে যাচ্ছে নতুন সেবা ‘হ্যালো ডিসি’। এই সেবার মাধ্যমে ঢাকা জেলার নাগরিকরা সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিজেদের অভিযোগ, মতামত ও বিভিন্ন তথ্য জানাতে পারবেন।
রোববার (১৭ মে) দুপুরে ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
তিনি বলেন, “আমরা ‘হ্যালো ডিসি’ নামে একটি সেবা চালু করতে যাচ্ছি, যেখানে প্রান্তিক পর্যায়ের মানুষ তাদের অভাব-অভিযোগ জানাতে পারবেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সেবা চালু থাকবে। এতে নাগরিকরা সহজেই তাদের সমস্যা, অভিযোগ বা পরামর্শ জেলা প্রশাসনকে জানাতে পারবেন।”
জেলা প্রশাসক আরও জানান, শিগগিরই এ সেবার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির কথাও তুলে ধরেন ফরিদা খানম। তিনি বলেন, বর্তমান সময়ে অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এ লক্ষ্যে জনপ্রিয় সেলিব্রিটিদের নিয়ে সচেতনতামূলক কনটেন্ট তৈরির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
‘গণমাধ্যমকর্মীবৃন্দের সাথে মতবিনিময় সভা’ শীর্ষক আয়োজনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। তাদের লেখনীর মাধ্যমে সাধারণ মানুষের প্রত্যাশা ও বাস্তব চিত্র প্রশাসনের সামনে উঠে আসে। জেলা প্রশাসনের কোনো দপ্তরে অনিয়ম বা হয়রানির ঘটনা নজরে এলে তা নির্ভয়ে তুলে ধরার আহ্বান জানান তিনি।
সভায় ঢাকা জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন মাহমুদ, সাধারণ সম্পাদক মামুন খানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী অনুষ্ঠানে অংশ নেন।
শু/সবা
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 






















