বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের বহুল প্রতীক্ষিত নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টায় ভোট শুরুর কথা থাকলেও প্রায় ৩০ মিনিট বিলম্বে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত জুমার নামাজের জন্য ভোটগ্রহণ এক ঘণ্টা বন্ধ থাকবে।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। দুটি পূর্ণাঙ্গ প্যানেল এ নির্বাচনে অংশ নিয়েছে। মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন করবেন।
ভোটগ্রহণ শুরুর পর প্রথম ভোট দেন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা ও চিকিৎসক এজাজুল ইসলাম। ভোট দিয়ে তিনি বলেন, নির্বাচনে যে-ই বিজয়ী হোন না কেন, তারা যেন বাংলা চলচ্চিত্রের উন্নয়ন এবং শিল্পীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করেন।
শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে সকাল থেকেই বিএফডিসি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটার, প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।
এবারের নির্বাচনে আরমান–মুক্তি প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। অন্যদিকে শিবা সানু–জয় চৌধুরী প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা জয় চৌধুরী।
সবুজ বাংলা বিনোদন ডেস্ক 
























